সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, লরি চালক গ্রেপ্তার

সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুসফিরাতের সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় অভিযুক্ত লরি চালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে মো. রিয়াজ উদ্দিন (৩২) নামে ওই চালককে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালী সদর থানার বাটিরটেক গ্রামের মো. আবু তাহেরের ছেলে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আইআইইউসি সংলগ্ন এলাকায় একটি লরির ধাক্কায় মিনিবাস উল্টে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মুসফিরাত।
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। পরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের আশ্বাস এবং শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিতে অবরোধ প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
পুলিশ জানায়, শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার পর থেকেই অভিযুক্ত চালককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
