ডায়াগনস্টিক সেন্টারে মিলল ছাত্রদল নেতার লাশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় আরও এক যুবককে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ পল্লী নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের একটি তালাবদ্ধ রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রদল নেতার নাম আনোয়ার টিপু। তিনি আনোয়ার হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। হাসপাতালে ভর্তি হওয়া অপর যুবকের নাম মোহাম্মদ আরমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত টিপু ওই ডায়াগনস্টিক সেন্টারটির পরিচালনার দায়িত্বে ছিলেন। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় ডায়াগনস্টিক সেন্টারের লোকেরা জানলার গ্রিল কেটে রুমে প্রবেশ করে দুজনকে মাটিতে অবচেতন অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে এশিয়া পোস্টকে বলেন, একটি বন্ধ রুম থেকে দুই যুবককে উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক টিপুকে মৃত ঘোষণা করেন। অপর যুবক চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে বিষক্রিয়ায় মৃত্যুর ধারণা করলেও ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে।