খুলনায় দোকানে বসে থাকা বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনায় দোকানে বসে থাকা রফিক গাজী নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে একটার দিকে নগরীর মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
পেশায় ব্যবসায়ী রফিক গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য। তিনি একই এলাকার রতন গাজীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি দোকানে বসে ছিলেন রফিক গাজী। সেখানে হেলমেট পরিহিত অবস্থায় এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে।
একটি গুলি রফিক গাজীর পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থলের আশপাশের সব দোকান বন্ধ। স্থানীয় কেউ মুখ খুলছে না। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
