logo

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

শনিবার (৭ মার্চ) শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ফরিদপুর বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচারের বিপক্ষে কোনো শক্তি বা কোনো সরকার যদি অবস্থান নেয়, বাংলার জনগণ এবং ১১ দল তা মেনে নেবে না। শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে দলীয়করণ করা হয়েছিল, গত এক মাসে সেই একই প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ ও ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। এর বিচ্যুতি ঘটলে ১১ দল বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

একই অনুষ্ঠানে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, মিডিয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে টার্গেট ও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সারা দেশে নানা প্রক্রিয়া, পাঁয়তারায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন—ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যা, ফরিদপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী ও দলটির সূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, ফরিদপুর-২ আসনের খেলাফত মজলিসের পরাজিত প্রার্থী মো. আকরাম আলী, জেলা আমির মাওলানা বদরুদ্দীনসহ অনেকে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতারা অংশগ্রহণ করেন।