logo

২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ ইয়াবাসহ গ্রেপ্তার

২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ ইয়াবাসহ গ্রেপ্তার
গ্রেপ্তার মনির হোসেন। ছবি : পুলিশের সৌজন্যে

মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ মনির হোসেন ওরফে ‘গাঁজা মনির’ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মণ্ডলের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি দল ডিঙ্গাভাঙ্গা এলাকার শহীদ দেওয়ানের বাড়ির সামনের পায়ে হাঁটা কাঁচা রাস্তায় অভিযান চালায়। এ সময় মনির হোসেন ওরফে ‘গাঁজা মনিরকে’ আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশের ভাষ্য, মনির হোসেনের বিরুদ্ধে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ মোট ২৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।