চৌগাছায় কথাকাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যা

যশোরের চৌগাছা উপজেলায় কথাকাটাকাটির জেরে জুয়েল রানা নামে এক যুবককে মারধর করে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মুক্তদা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জুয়েল রানার সঙ্গে একই এলাকার কয়েকজনের কথাকাটাকাটি হয়। এ নিয়ে ৮-৯ জন তাকে মারধর করেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি মারা যান। তার মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।
