logo

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরপরই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরপরই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে কক্সবাজারের চকরিয়ায় অপহরণের এক দিন পর ফরিদুল আলম (৩৫) নামে এক ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চকরিয়ার মাতামুহুরী ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌর শহরের বায়তুশ শরফ এলাকা থেকে তিনি অপহৃত হন। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নজরে এলে দ্রুত উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দেন।

অপহরণের শিকার ফরিদুল আলম চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড নামার চিরিংগা মিয়াজি পাড়ার মৃত মোস্তাক আহমদের ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে ফরিদুল আলম চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে গাড়িতে করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে ফরিদুল আলমের স্ত্রী চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অপহরণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নজরে আসে। পরে তিনি ব্যবসায়ীকে উদ্ধারের জন্য চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছফওয়ানুল করিম বলেন, অপহরণের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অবগত হওয়ার পরপরই তিনি প্রশাসনকে ফরিদুল আলমকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন। পুলিশ নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যে ফরিদুল আলমকে উদ্ধার করেছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এশিয়া পোস্টকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখভাল করেছেন। আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে পৌরসভার মাতামুহুরী সেতু-সংলগ্ন এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করেছি। তার অবস্থা সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।