উপজেলা মডেল মসজিদে তিন দিন ধরে বিদ্যুৎ নেই

রাজশাহীর চারঘাট উপজেলা মডেল মসজিদে টানা তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মাগরিবের নামাজ শেষে একাধিক মুসল্লি জানান, বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও তাবলিগ জামাতের সদস্যরা চরম দুর্ভোগের মধ্যে নামাজ আদায় করছেন।
মসজিদের ইমাম আতিকুর রহমান জানান, মডেল মসজিদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি গণপূর্ত বিভাগ ও বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। সংশ্লিষ্টদের কাছ থেকে শুক্রবার জুমার নামাজের আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস পাওয়া গেছে।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জানান, মসজিদের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার একটি পাওয়ার সাপ্লাই ইউনিটে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রয়োজনীয় টেকনিশিয়ান না পাওয়ায় তাৎক্ষণিক যন্ত্রটি মেরামত করা সম্ভব হয়নি। শুক্রবার দুপুর ১২টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, মডেল মসজিদের বিদ্যুৎ সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গণপূর্ত বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। ঢাকা থেকে কারিগরি বিশেষজ্ঞ আনা হচ্ছে। শুক্রবার বিকল যন্ত্রটি মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
.png)






