logo

গোপনে নারীদের ভিডিও ধারণ, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

গোপনে নারীদের ভিডিও ধারণ, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
বায়জিদ হোসেন ওরফে মিঠু। ছবি : এশিয়া পোস্ট

বরিশালের উজিরপুরে নারীদের অজান্তে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বায়জিদ হোসেন ওরফে মিঠু নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বায়জিদ হোসেন উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার একটি বাসার বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন বায়জিদ। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে বায়জিদকে আটক করেন। এ সময় তার মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি।
বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বায়জিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নারীদের অজান্তে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে আসছিলেন। এসব ভিডিও ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেল করার চেষ্টার অভিযোগও করেছেন তারা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন (৭০) বলেন, শনিবার রাতে এক গৃহবধূর বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন বায়জিদ। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন এসে তাকে আটক করেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বায়জিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তার ব্যবহৃত মোবাইল ফোনের দুটি গ্যালারিতে অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রোববার দুপুরে বায়জিদকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে রোববার বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বায়জিদ হোসেন মিঠুকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব মো. কামরুল আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট