logo

শেখ হাসিনাকে ফেরাতে শপথের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনাকে ফেরাতে শপথের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের কমলনগরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথের ঘটনায় ইমান আলী নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ইমান আলী উপজেলার চর মার্টিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথের ঘটনায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ২৫ জনের নাম উল্লেখসহ অন্তত আড়াই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কমলনগর থানায় একটি মামলা করা হয়েছে। তবে মামলার বাদীর নাম প্রকাশ করতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম।

গত রোববার (২৬ এপ্রিল) রাতে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে উপজেলার কালকিনি ইউনিয়নে আওয়ামী লীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয়ে শপথ নেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।