রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, একাত্তরে একটি গোষ্ঠী আমাদের মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য তারা বুদ্ধিজীবীদের হত্যা করার উদ্দেশ্যে তুলে নিয়ে গিয়েছিল। সেই রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে, নয়তো এই বাংলাদেশ থাকবে না। তাদের এবং পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেই আমরা দেশটাকে স্বাধীন করেছি। বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র হচ্ছে, তাই আজকের কোমলমতি শিক্ষার্থীদের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদীর গাংকুলকান্দী ভূঁইয়া বাজারসংলগ্ন মাঠে ‘নব দিগন্ত ক্লাব’ আয়োজিত মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদ প্রমুখ।
অনুষ্ঠানে মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে মেধা বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।
.png)






