অন্তঃসত্ত্বা হাজতিকে নেওয়া হচ্ছিল হাসপাতালে, অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব

হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে যশোরের চুরামনকাটি এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে তিনি সন্তান প্রসব করেন।
কারাগার সূত্রে জানা গেছে, বৃষ্টি খাতুন নামে ওই হাজতিকে ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিলেন। পথে অ্যাম্বুলেন্সটি যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসববেদনা তীব্র হয়। পরিস্থিতি সামাল দেওয়ার আগে অ্যাম্বুলেন্সের ভেতরে তিনি পুত্রসন্তানের জন্ম দেন।
নতুন অতিথির আগমনের খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দ্রুত মা ও নবজাতকের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আনন্দঘন এ মুহূর্তে উপস্থিত সবার মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। একটি নতুন প্রাণের আগমনে কারাগারের কঠিন বাস্তবতার মধ্যেও তৈরি হয়েছে আনন্দ ও মানবিকতার আবহ। মা ও নবজাতকের সুস্থতা এবং শিশুটির সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, কারা মহাপরিদর্শক স্যারের দিকনির্দেশনা অনুযায়ী মা ও নবজাতকের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছে।



