বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল বিজিবি সদস্যের
এশিয়া পোস্ট নিউজ, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকচাপায় রফিকুল ইসলাম নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া ফরকের হাট এলাকায়। তার বাবার নাম কপিল উদ্দিন সরকার।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচউদ্দিন বলেন, মোকামতলা ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



