ফেনীতে নির্মাণের ২৬ বছরেও চালু হয়নি সুইমিংপুল

ফেনীতে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘মরহুম মাহবুবুল হক পেয়ারা সুইমিংপুল’ দীর্ঘ ২৬ বছরেও আলোর মুখ দেখেনি। উদ্বোধনের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় আধুনিক এই ক্রীড়া স্থাপনাটি এখন মাদকসেবী ও বখাটেদের নিরাপদ আড্ডাখানায় পরিণত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০০ সালে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ফেনী পৌর শহরের দাউদপুর এলাকায় প্রায় তিন একর জায়গা জুড়ে আট লেনের এই অত্যাধুনিক সুইমিংপুলটি নির্মাণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে নির্মিত এই পুলটিকে ২০১৪ সালে স্থানীয়দের দাবির মুখে ফেনীর প্রবীণ সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবুল হক পেয়ারার নামে নামকরণ করা হয়। নির্মাণ শেষে এটি জেলা ক্রীড়া সংস্থাকে বুঝিয়ে দেওয়া হলেও তাদের চরম উদাসীনতা, আর্থিক সংকট, জনবল না থাকা ও সংস্কারের প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় ২৬ বছরেও এটি চালু করা সম্ভব হয়নি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, দীর্ঘ সময় পরিত্যক্ত থাকায় সুইমিংপুলের মূল ভবনের দেওয়ালে ফাটল ধরেছে, খসে পড়ছে পলেস্তরা। গ্রাউন্ডের দামি টাইলসগুলো উঠে যাচ্ছে এবং অযত্ন-অবহেলায় পানির মোটরসহ মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জাম মরিচা ধরে নষ্ট ও চুরি হয়ে যাচ্ছে। তিন একরের এই বিশাল চত্বর আগাছায় ছেয়ে গেছে। ফলে এটি এখন বখাটে ও মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হারুন বলেন, নগরায়ণের কারণে ফেনী শহরে দিন দিন পুকুরের সংখ্যা কমছে। বিগত সময়ে উন্নয়ন ও আবাসন কাজের নামে শহরের প্রায় শতাধিক পুকুর ভরাট করে ফেলা হয়েছে। ফলে শহরের শিশু-কিশোরদের সাঁতার শেখার কোনো জায়গা নেই। সাঁতার না জানার কারণে শিশু, কিশোর ও নারীসহ পানিতে ডুবে অনেকেই মারা গেছেন। পুলটি চালু থাকলে স্থানীয় যুবকদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের প্রবণতা অনেক কমত।

ক্রীড়া ব্যক্তিত্ব ইমন উল হক জানান, ২৬ বছরেও এটি চালু না হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বারবার আলোচনা করেও কোনো ফল পাননি। সরকারের নিকট জোর দাবি জানান, যাতে দ্রুত এই সুইমিংপুলটি চালুর বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
সুইমিংপুলটির দীর্ঘস্থায়ী অচলাবস্থা নিয়ে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে এটি চালুর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি চালুর বিষয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা একটি প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশা করছি আগামী ৪-৫ মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, সুইমিংপুলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এটি মাদকসেবী ও বখাটেদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ফেনী শহর অঞ্চলে অনেকগুলো পুকুর ভরাট হয়ে যাওয়ায় শিশু-কিশোররা সাঁতার প্রশিক্ষণ নিতে পারছে না। এই সুইমিংপুলটি যদি চালু করা হয় তাহলে জেলাবাসী অনেক উপকৃত হবে।
ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাউদ্দিন আলাল বলেন, দাউদপুর সুইমিংপুলটি বর্তমানে মাদকসেবী এবং অপরাধীদের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে। এটি দীর্ঘদিন বেহাল দশায় পড়ে থাকার কারণে এই করুণ দশায় নিমজ্জিত হয়েছে। যে আকাঙ্ক্ষা নিয়ে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল, দ্রুত যেন তা বাস্তবায়ন করা হয়।"
ফেনী জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার রহমান গাজী বলেন, সুইমিংপুলটি নতুন করে সংস্কার ও চালু করার ব্যাপারে একটি বিস্তারিত প্রতিবেদন ও প্রস্তাবনা ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গৃহীত হলে সুইমিংপুলটি চালু করার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
.png)






