logo

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপ্রতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানানা।

নাহিদ ইসলাম বলেন, আমরা ১২ মার্চের জন্য অপেক্ষা করছি। ১২ মার্চ সংসদের অধিবেশন। সেই সংসদে শুনছি ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় বক্তব্য দেবে, ভাষণ দেবে। আমি স্পষ্টভাবে বলে যাচ্ছি, কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা ১২ মার্চ জাতীয় সংসদে যাচ্ছি না।

আমরা জাতীয় সংসদে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে। সংস্কারের পক্ষকে বাস্তবায়নের জন্য আমরা ১২ মার্চ জাতীয় সংসদে যাচ্ছি। জাতীয় সংসদে যাচ্ছি কবে উচ্চকক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবে সেই হিসেব নেওয়ার জন্য। কোনো ফ্যাসিবাদের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না।

ঢাকা-১১ আসনের এই সংসদ সদস্য এ সময় রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘অবিলম্বে এই রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। গণভোটের ‘হ্যাঁ’ রায় বাস্তবায়ন করতে হবে। সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের লড়াই চলমান থাকবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, এখনও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও নির্বাচনি কারচুপি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে ভোট ডাকাতি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠন করা হয়েছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে যারা থাকবেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময় কমিটিতে থাকতে স্নাতক পাস বাধ্যতামূলক করা হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাউকে কোনো ধরনের পাঁয়তারা করতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন; রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামাক।

এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সভাপতিত্ব করেন। মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ। ইফতার অনুষ্ঠানে বিভাগের ৮ জেলার এনসিপি, যুবশক্তি ও নারীশক্তির প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন।