বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে কথা বলছেন আসাদুল হাবিব দুলু। বুধবার বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায়। ছবি: সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে সহায়তা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাবে।

তিনি বলেন, ৪৫ বছর আগে এ রকম বৃষ্টি হয়েছিল। এতে পার্বত্য চট্টগ্রামসহ কক্সবাজার প্লাবিত হয়েছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন, এসব দুর্গত মানুষদের জরুরি খাদ্য সহায়তা দিতে জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা পাঠিয়েছি। সেগুলো বিতরণ অব্যাহত রেখেছি।

মন্ত্রী বলেন, এখন বৃষ্টি কম, বন্যার পানি নেমে গেছে, তবে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে না। আমরা এখন পুনর্বাসনের কাজ করব। গরিব আর অসহায়—যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের ঘর নির্মাণের জন্য বিভিন্ন সামগ্রী আমরা দেব। এর বাইরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত থাকবে।

এদিন কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির নেতা মো. নাসির উদ্দীন চৌধুরী, সদর উপজেলা বিএনপির নেতা আইয়ুব মেম্বার, সদর উপজেলা বিএনপির নেতা মো. জসিম মেম্বার প্রমুখ।