logo
Advertisement

শরীয়তপুরে কুকুরের কামড়ে এক দিনে আহত ১৩

এশিয়া পোস্ট নিউজ, শরীয়তপুর
শরীয়তপুরে কুকুরের কামড়ে এক দিনে আহত ১৩
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা এলাকায় একই দিনে একটি কুকুরের কামড়ে শিশুসহ ১৩ জন আহত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে পৌরসভার ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কুকুরটির আক্রমণে তারা আহত হন। আহতদের মধ্যে অন্তত ৪ জন শিশু রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (৫), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮) ও আবজাল (৩১)।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় একটি কুকুর ঘুরছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে কুকুরটি বেপরোয়া হয়ে ওঠে। পথচারী, দোকানদার, স্কুলশিক্ষার্থীসহ যাকেই সামনে পাচ্ছে, তাকেই তাড়া করে কামড়াচ্ছে। এমনকি রাস্তার পাশের ভবঘুরে ব্যক্তি ও দোকানের ভেতরে থাকা লোকজনও রক্ষা পাচ্ছে না।

কুকুরটির তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না, সাধারণ মানুষও জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম সিদ্দিক বলেন, কুকুরের কামড়ে আহত অন্তত ১০ জনকে আমাদের হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্ক প্রতিষেধক (ভ্যাকসিন) মজুত রয়েছে।

এদিকে কুকুরটিকে চিহ্নিত করে দ্রুত নিয়ন্ত্রণের বিষয়ে ডামুড্যা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দীন আইয়ুবির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।