মেহেরপুরে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি দোকানের সামনে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। একইসঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে লেখা হুমকিমূলক একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটাসংলগ্ন এলাকায় শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করে পুলিশ।
চিরকুটে লেখা ছিল, ‘এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না।’
দোকান মালিক শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। বুধবার সকালে দোকান খুলতে এসে সামনে একটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
