বগুড়ায় রিভলবার, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বগুড়া সদরের বাঘোপাড়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় আস্তানাটি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চিহ্নিত অপরাধী রকি ও রাকিব। তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার রকি একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের মূল হোতা এবং রাকিব ওই চক্রের দ্বিতীয় প্রধান। তাঁদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
ওসি ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়া নদীর পাড়সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, শহরের বাইরে নির্জন ওই জঙ্গলে তাঁবু খাটিয়ে আস্তানা গড়ে তুলেছিল চক্রটি। পাঁচ থেকে ছয় সদস্যের এই চক্রটি সেখানে মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি নিরীহ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ডিবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
