রাতে নিখোঁজ, সকালে পুকুরে মিলল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি সাঁথিয়া থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়রা লাশটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।
নিহত আব্দুল আজিজ ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


