logo

মাদ্রাসায় দুই ছাত্রের মারামারিতে একজনের মৃত্যু

মাদ্রাসায় দুই ছাত্রের মারামারিতে একজনের মৃত্যু

ঢাকার সাভার থানাধীন হেমায়েতপুরের একটি মাদ্রাসায় দুই ছাত্রের মারামারিতে মো. গোলাম রহিম (১৩) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। 

গোলাম রহিম সাভার হেমায়েতপুরের যাদুরচর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে শরিয়াতুল কুরআন মাদ্রাসার আবাসিক কক্ষে থাকত।

গোলাম রহিমকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই মো. রাব্বি জানান, গত রাতে আবাসিক কক্ষে আরেক শিক্ষার্থীর সঙ্গে তার হাতাহাতি হয়। এতে গোলাম রহিম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থান অবনতি হলে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। মঙ্গলবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।