logo
Advertisement

খাগড়াছড়ি সদর হাসপাতালে ১২ দিন ধরে বন্ধ এক্সরে সেবা

খাগড়াছড়ি সদর হাসপাতালে ১২ দিন ধরে বন্ধ এক্সরে সেবা
খাগড়াছড়ি সদর হাসপাতালে অচল হয়ে পড়ে থাকা এক্স-রে মেশিন। ছবি : এশিয়া পোস্ট

খাগড়াছড়ির একমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে গত ১২ দিন ধরে এক্সরে মেশিন নষ্ট থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা। এক্সরে করাতে না পেরে অনেককে হাসপাতাল থেকে চিকিৎসা না নিয়েই ফিরতে হচ্ছে। আবার জরুরি রোগীদের পাঠানো হচ্ছে বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, সরকারি হাসপাতালে স্বল্প খরচে পরীক্ষার আশায় এলেও মেশিন অচল থাকায় বাইরে যেতে হচ্ছে। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ও দুর্ভোগ দুটোই বাড়ছে।

এক ভুক্তভোগী রোগীর স্বজন বিবেক চাকমা বলেন, হাসপাতালে বোনের চিকিৎসার জন্য এসে জানতে পারি এক্সরে মেশিন নষ্ট। বাধ্য হয়ে বাইরে পরীক্ষা করাতে হয়েছে। হাসপাতালে পরীক্ষা করানো গেলে খরচ কম হতো, এত ভোগান্তিও পোহাতে হতো না।

দূরবর্তী বাঘাইছড়ি উপজেলা থেকে আসা রোগী মো. তুহিন বলেন, কম খরচে চিকিৎসা পাওয়ার আশায় দূর থেকে এসেছি। কিন্তু এক্সরে করতে না পেরে বাইরে যেতে হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এ বাড়তি খরচ বহন করা কঠিন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. রিপল বাপ্পী চাকমা জানান, গত ১২ দিন ধরে এক্সরে মেশিনটি নষ্ট। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুতই এর সমাধান হবে।

তিনি আরও জানান, হাসপাতালের বেশকিছু যন্ত্রপাতি অনেক পুরোনো হয়ে যাওয়ায় অকেজো হয়ে পড়েছে। এগুলোর দ্রুত মেরামত ও আধুনিকায়ন প্রয়োজন।