Advertisement

খুলনায় যুবককে মাথায় গুলির পর কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
খুলনায় যুবককে মাথায় গুলির পর কুপিয়ে হত্যা
মো. ইসমাইল। ছবি : সংগৃহীত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে মো. ইসমাইল (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে সদর থানার দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইসমাইল ওই এলাকার শাহজাহান ওরফে পাগলা শাহজাহানের ছেলে। ইসমাইল স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১২টার দিকে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়েও কোপায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত ইসমাইলের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তিনি মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তথ্য রয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :খুলনা