দপ্তরি দিয়ে ক্লাস করানোয় তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
দপ্তরি দিয়ে ক্লাস করানোয় তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এবং দপ্তরি ও বহিরাগত ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান করানোর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

Advertisement

বুধবার (২৪ জুন) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, একই সঙ্গে কেন তাদের চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো প্রশাসনিক দণ্ড প্রদান করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি নোটিশে অভিযুক্ত শিক্ষকদের এই আদেশ দেওয়া হয়।

বিভাগীয় মামলার আসামিরা হলেন জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার দাস, সহকারী শিক্ষক মো. আবু বাক্কর সিদ্দিকী ও মো. নওয়াজ শরীফ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ মে সকাল সাড়ে ৯টায় জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষকই কর্মস্থলে উপস্থিত ছিলেন না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার দাস ও সহকারী শিক্ষক আবু বাক্কর সিদ্দিকী সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন এবং সহকারী শিক্ষক নওয়াজ শরীফ বেশ বিলম্বে বিদ্যালয়ে আসেন। শিক্ষকরা নিজেরা অনুপস্থিত থেকে বিদ্যালয়ের দপ্তরি এবং বহিরাগত প্রক্সি শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করছিলেন। পরবর্তীতে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয় এবং প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এর আগে, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুই দফায় অভিযুক্ত শিক্ষকদের কৈফিয়ত তলব করলেও তাদের দেওয়া জবাব সন্তোষজনক হয়নি। এরই প্রেক্ষিতে গত ১৪ জুন তার দেওয়া সুপারিশের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম নোটিশে উল্লেখ করেন, শিক্ষকদের এমন কর্মকাণ্ড ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ মোতাবেক গুরুতর অসদাচরণের শামিল।