logo

সাংবাদিকের ওপর হামলা, ভ্রাম্যমাণ আদালতে পাম্প কর্তৃপক্ষকে দণ্ড

সাংবাদিকের ওপর হামলা, ভ্রাম্যমাণ আদালতে পাম্প কর্তৃপক্ষকে দণ্ড

রংপুরের পীরগঞ্জের খালাশপীর ফিলিং স্টেশনে অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। ঘটনার দুই দিন পর ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে খালাশপীর ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলে ২০০-৩০০ মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ লাইন দেখা যায়। লাইনে থাকা গ্রাহকদের উপেক্ষা করে একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে ২০ থেকে ৩০ লিটার করে তেল জারকিন ও ড্রামে সরবরাহ করা হয়। অনিয়মের চিত্র ধারণ করতে গেলে স্থানীয় অনলাইন পোর্টাল ডিআরবি নিউজ ও দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা তানভীর আহমেদের ওপর হামলার ঘটনা ঘটে।

পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম রোধে নজরদারি অব্যাহত থাকবে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।