logo

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বলে প্রতারণা করছে : সালাহউদ্দিন আহমদ

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বলে প্রতারণা করছে : সালাহউদ্দিন আহমদ

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বলে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় কক্সবাজারের পেকুয়ায় হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনি সভায় তিনি এই মন্তব্য করেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নের কথা মুখে বললেও বাস্তবে তা বিশ্বাস করে না। জাতীয় সংসদ নির্বাচনে দলটি কোনো নারী প্রার্থীকে মনোনয়নও দেয়নি। অথচ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের বাদ দিয়ে দেশ এগিয়ে যেতে পারে না। দলটি নারীর ক্ষমতায়নের কথা বলে প্রতারণা শুরু করেছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলটি আজ নবরূপে নির্বাচনে অংশ নিচ্ছে। এখন প্রশ্ন হলো, তাদের হাতে এই দেশের সব নাগরিক কী নিরাপদ থাকবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে মানুষ যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করেছে। সেই যুদ্ধে বিশেষ করে; সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করত না, স্বাধীনতা চায়নি, তাদের হাতেই তখন নির্যাতনের শিকার হতে হয়েছিল সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাইবোনদের। সেই সময়ের যেসব মানুষ সাক্ষী, তারা জানেন কারা নির্যাতন চালিয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির একটি সুস্পষ্ট আদর্শ, নীতি, কর্মসূচি ও পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই নির্বাচনি ইশতেহারে তা জাতির সামনে তুলে ধরা হবে। যেখানে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের ন্যায্য দাবিগুলো কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ, জাতি নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি। আর যারা কোনো আদর্শ বা কর্মসূচি না রেখে শুধু ধর্মের নামে ভোট চাইছে। পাশাপাশি স্বর্গ-জান্নাতের প্রলোভন দেখাচ্ছে, এটা জনগণের সঙ্গে প্রতারণা করছে। মানুষের পরকালের বিচার একমাত্র মহান আল্লাহই করবেন। কোনো দল বা ব্যক্তি নয়।

সবশেষে সালাউদ্দিন আহমদ বলেন, সাম্যভিত্তিক, ন্যায়বিচারপূর্ণ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। ছাত্রদের অভ্যুত্থান সেই প্রত্যাশারই বহিঃপ্রকাশ। শহীদদের সেই অঙ্গীকার বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। আসুন আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে একটি শক্তিশালী, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি।