আড়াই মাস পর বড়পুকুরিয়ার নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইজ থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির উপ-মহাব্যবস্থাপক (প্রোডাকশন অ্যান্ড কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) আ স ম ইফতেখার আলম চৌধুরী।
তিনি জানান, শুক্রবার রাত থেকেই নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু হবে। এই ফেইজ থেকে প্রায় আড়াই লাখ মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে খনির নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়েছিল।
খনি সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ আগস্ট ১৩০৯ নম্বর ফেইজের কয়লা উত্তোলন শেষ হয়। ওই ফেইজ থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার টন কয়লা পাওয়া গিয়েছিল। এরপর ফেইজটি বন্ধ ঘোষণা করে সেখানকার ব্যবহৃত যন্ত্রপাতি ১৪০৫ নম্বর ফেইজে স্থানান্তর করতেই প্রায় আড়াই মাস সময় লেগে যায়।
বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে ৬ লাখ ১৫ হাজার টন কয়লা মজুত রয়েছে। মজুত কয়লার পাশাপাশি সদ্য উৎপাদিত কয়লার একটি বড় অংশ পাশ্ববর্তী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। পুনরায় কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিজুড়ে কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
