নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রী তৈরির সময় গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ শহরের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার-প্রচারণামূলক গেঞ্জি তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শেখ মুজিবুর রহমানের ছবি ও বিভিন্ন রাজনৈতিক স্লোগানসংবলিত ৭০টি টি-শার্ট, ৪০টি লেমিনেটেড স্টিকার এবং স্টিকারবিহীন আরও ১০টি কালো টি-শার্ট জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে শহরের এস এম মালেহ রোডের রিভারভিউ কমপ্লেক্সের ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) একটি ছাপাখানায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিতাইগঞ্জ এলাকার শিহাব আহম্মেদ আরাফাত (২৮), বি কে রোড এলাকার মো. জিহাদ হোসেন ওরফে আলিফ (১৯), দেওভোগ পাক্কা রোড এলাকার মো. সামির হোসেন খান (২৬) এবং রিভারভিউ মার্কেটের ভূগর্ভস্থ জিএম ট্রেডার্সের মালিক মো. রাকিবুল হাসান (৩২)।
পুলিশ জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা, প্রচার-প্রচারণা এবং সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করছিলেন। অভিযানের সময় তাদের হেফাজত এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া অবস্থায় শেখ মুজিবুর রহমানের ছবি ও বিভিন্ন রাজনৈতিক স্লোগানসংবলিত ৭০টি কালো গোলগলা টি-শার্ট উদ্ধার করা হয়। পাশাপাশি শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত ৪০টি লেমিনেটেড স্টিকার এবং স্টিকারবিহীন আরও ১০টি কালো টি-শার্ট জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার-প্রচারণামূলক সামগ্রী তৈরির সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার করা সামগ্রী যথাযথ জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে বিভিন্ন আলামত। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তার ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান এবং তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।



