মেহেরপুর জেলা কারাগারে ২৮২ কয়েদি রোজা রাখবেন

রমজানের আগমনে মেহেরপুর জেলা কারাগার কয়েদিদের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারাগারের তথ্য অনুযায়ী, রমজান মাসের প্রথম দিনে ২৮২ জন মুসলিম কয়েদি রোজা রাখবেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মেহেরপুর জেলা কারাগারের জেল সুপার আমান উল্লাহ এশিয়া পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কারা সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা কারাগারের ধারণক্ষমতা ৩৫০ জন, যেখানে বর্তমানে ৩০৬ জন কয়েদি রয়েছেন। এদের মধ্যে ২৯৮ জন পুরুষ এবং ৮ জন নারী। মোট কয়েদির মধ্যে ২৯২ জন মুসলিম, ১৪ জন অমুসলিম। এছাড়াও ৩ জন বিদেশি বন্দিও রয়েছে। স্বাস্থ্যগত কারণে ১০ জন কয়েদি এ বছর রোজা রাখবেন না।
জেল সুপার আমান উল্লাহ বলেন, রোজাদার কয়েদিদের জন্য সাহরি ও ইফতারের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সেহরিতে ভাত, ডাল, সবজি ও ডিম এবং ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর ও শরবত পরিবেশন করা হবে। রোজাদার কয়েদিদের জন্য আলাদা রান্নার ব্যবস্থা রয়েছে। তারা আগের দিন রাতে লিস্টে নাম দেন এবং ভোররাতে সেলের দরজা খুলে সেহরি পরিবেশন করা হয়। তারাবি নামাজেরও ব্যবস্থা কারাগারের ভিতরেই করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে কারাগারে বরাদ্দকৃত জনবল ৮০ জনের বিপরীতে কাজ করছেন মাত্র ৬৩ জন। জনবল সংকট থাকা সত্ত্বেও বন্দিদের ধর্মীয় অধিকার নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো ঝুঁকি নেই এবং রমজান মাসে কারাগারের কার্যক্রম নিয়মমাফিক পরিচালিত হবে।