logo

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্যমন্ত্রী

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্যমন্ত্রী
পাবনায় এক অসুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: এশিয়া পোস্ট

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় ২০০ একর জমিতে নতুন একটি বিসিক শিল্পনগরী করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৫ জুন) বিকেলে পাবনার ঈশ্বরদীর জয়নগরস্থ মিরকামারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ‘বাংলাদেশ কৃষক সমিতি’ আয়োজিত ‘লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির ঘোষণা দেন, পাবনার বিসিকে বর্তমান স্থানে কোনো জায়গা খালি নেই। তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় আরও ২০০ একর জমিতে নতুন একটি বিসিক শিল্পনগরী করার উদ্যোগ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার দ্রুত সময়ের মধ্যে বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনে পাবনায় লিচুর জন্য হিমাগার স্থাপন করা হবে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, পাবনার এই অঞ্চলের মানুষের সঙ্গে কৃষির একটি আত্মিক সম্পর্ক রয়েছে। এজন্য লিচু সংরক্ষণের জন্য সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনে হিমাগার স্থাপন করা হবে। তবে পেঁয়াজ সংরক্ষণের মতো লিচুর পচন রোধ এবং ফলন বৃদ্ধিতে প্রয়োজনীয় গবেষণার জন্য লিচুর ক্ষেত্রেও সাশ্রয়ী এবং কার্যকর ‘হোম গ্রোন সলিউশন’ বা ঘরোয়া সমাধান খুঁজে বের করার জন্য উদ্ভাবক ও কৃষকদের এগিয়ে আসতে হবে।

দেশের খাদ্য উৎপাদনের চিত্র তুলে ধরে তিনি জানান, বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় চার কোটি টন চাল উৎপাদন করে। পেঁয়াজ উৎপাদনে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। বছরে প্রায় এক কোটি ১৫ লাখ টন আলু উৎপাদিত হচ্ছে। যথাযথ সংরক্ষণের অভাবে একটি অংশ নষ্ট হয়ে যায়।

বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব এবং জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রমুখ।