Advertisement

বরগুনায় মাজারে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্কে অনুসারীরা

এশিয়া পোস্ট নিউজ, বরগুনা
বরগুনায় মাজারে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্কে অনুসারীরা
ইসমাইল শাহ মাজার। ছবি: এশিয়া পোস্ট

বরগুনার আমতলীতে গভীর রাতে একটি মাজারে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মাজার কর্তৃপক্ষ ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তবে এ ঘটনার পর মাজারের অনুসারীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে আমতলী পৌর শহরের বটতলা এলাকার ‘ইসমাইল শাহ মাজারে’ এ ঘটনা ঘটে।

মাজার কর্তৃপক্ষ ও আমতলী থানা পুলিশ জানায়, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই মাজারে গভীর রাতে দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। একই সময়ে ইসমাইল শাহর ছেলে শহীদ চিশতির বসতঘরেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। টের পেয়ে মাজারের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে মাজারের গিলাফের একটি অংশ পুড়ে গেলেও বড় কোনো ক্ষতি হয়নি।

মাজার কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, স্থানীয়রা দ্রুত এগিয়ে না এলে মাজার ও বসতঘর পুড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বারবার মাজারকে লক্ষ্য করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

গত বছরের ১৬ মার্চ ওরস চলাকালেও এই মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ওই হামলায় মাজার কর্তৃপক্ষ ও ভক্তসহ অন্তত ২৫ জন আহত হন।

বিষয় :বরগুনা