বিয়ের চার দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের চার দিন পর বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) ভোরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজার থেকে প্রজেক্ট এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র চার দিন আগে বিয়ে করেন সাইমুন ইসলাম। শুক্রবার রাতে বন্ধু রিফাতকে বাড়ি পৌঁছে দিতে মোটরসাইকেলে রওনা হলে পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাইমুন ও তার বন্ধু রিফাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সাইমুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ভোরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত রিফাত বর্তমানে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় একজনের মৃত্যু এবং অপরজন চিকিৎসাধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


