সাইকেল রেখে নিখোঁজ মামা-ভাগিনা, দিঘি থেকে মিলল মরদেহ

ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় একটি দিঘি থেকে উমর আলী (১৫) ও মিরাজ (১৩) নামের দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা দুজন সম্পর্কে মামা ও ভাগনে।
রোববার (২৫ অক্টোবর) তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসকর্মীরা।
এর আগে গতকাল শনিবার দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে আজ রোববার তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত উমর আলী উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে। অপর কিশোর মিরাজ একই গ্রামের ইমরান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় উমর ও মিরাজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতে স্থানীয় একটি বড় দিঘির পাড়ে তাদের ব্যবহৃত দুটি সাইকেল পড়ে থাকতে দেখেন স্বজনেরা। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দিঘিতে তল্লাশি শুরু করে। রাতভর অভিযান চালানোর একপর্যায়ে রাত ২টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তল্লাশি অব্যাহত রেখে রোববার দিঘি থেকে অপর কিশোরের মরদেহও উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দুই কিশোর দিঘিতে গোসল করতে বা খেলতে নেমে পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
