কুষ্টিয়ায় শিশুর মৃত্যু ঘিরে হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক

কুষ্টিয়ার মিরপুরে পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে কর্তব্যরত দুই চিকিৎসক আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ৫০ শয্যাবিশিষ্ট মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুর নাম রাফি (৩)। সে নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শিশু রাফি। উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় কিছু ব্যক্তি উত্তেজিত হয়ে চিকিৎসকের কক্ষে ঢুকে পড়েন। একপর্যায়ে ১১ নম্বর কক্ষসহ হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয়। এতে ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া নামের দুই চিকিৎসক আহত হন। খবর পেয়ে মিরপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণে শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগ তারা অস্বীকার করেছেন।
আহত চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া জানান, প্রিয়জন হারানোর বেদনা সহানুভূতি নিয়ে দেখা হলেও জরুরি সেবাকেন্দ্রে ভাঙচুর চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত করে। এ সময় তিনি চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান।
ঘটনার পর হাসপাতাল পরিদর্শন করেছেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


