বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, দেশীয় অস্ত্র ও ১২০টি ইয়াবা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতোয়ার রহমান।
গ্রেপ্তাররা হলেন কাহালু উপজেলার পুগইল গ্রামের ইমরান হোসেন, দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের সোহেল, কাহালু উপজেলার চানপুর গ্রামের রাব্বী হাসান এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের হালিম।
পুলিশ কর্মকর্তা আতোয়ার রহমান জানান, বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আট থেকে ১০ সদস্যের দলটি পালানোর চেষ্টা করে। ধাওয়া করে চারজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।
তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ ও দুটি গামছা জব্দ করা হয়েছে। একইসঙ্গে ১২০টি ইয়াবা জব্দ করা হয়।
আতোয়ার রহমান আরও বলেন, গ্রেপ্তার সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশের তাৎক্ষণিক অভিযানের কারণে সম্ভাব্য একটি বড় ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তারা সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
তিনি জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
