logo

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল আরোহীসহ দুজন এবং অপরজন পথচারী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে পৃথক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শহরের বাইসপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮) ও মহেশখালী উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।

স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, দুপুর ১টার কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুত গতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীও গাড়ি থেকে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহতদের চাপা দেয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে এদিন সকাল ১১টার দিকে মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় টেকনাফমুখী একটি মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামের এক বৃদ্ধের নিহত হয় বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, কক্সবাজার বেড়াতে আসা দুই পর্যটক মোটরসাইকেলটি ভাড়া নিয়ে টেকনাফ যাচ্ছিল। পথিমধ্যে মারিশবুনিয়া এলাকায় পৌঁছলে সড়ক পার হওয়ার সময় পথচারী ওই বৃদ্ধকে ধাক্কায় দেয়। পরে স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম এশিয়া পোস্টকে জানান, দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩ ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।