১২ ফেব্রুয়ারি আরেকটি ক্রান্তিকাল এসে উপস্থিত হয়েছে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৫ আগস্টের পর আগামী ১২ ফেব্রুয়ারি আরেক গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল এসে উপস্থিত হয়েছে। দিনটি বাংলাদেশের মুক্তিকামী মানুষের।
সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালথালী উপজেলার ফুলতলা এলাকায় এনসিপির নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন। পথসভায় আসিফ মাহমুদ চট্টগ্রাম-৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থী জোবাইরুল আরিফ ও বান্দরবান আসনের প্রার্থী সুজা উদ্দিনকে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেন।
আসিফ মাহমুদ বলেন, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে সফল হয়েছিলাম। আবারও সেরকম একটি দিন হিসেবে ১২ ফেব্রুয়ারি আমাদের সামনে আছে। সে দিনটির জন্য আমরা ১৭ বছর প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এখন আমাদের রক্ত দিতে হবে না, সিল দিতে হবে। সিলের মাধ্যমে আমরা সহস্র শহীদের রক্তের মাধ্যমে যা অর্জন করেছিলাম, তা রক্ষা করতে পারব। সুতরাং এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে ১৭ বছর যেভাবে এদেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন, গুম-খুন ও জেলখানায় অত্যাচার করা হয়েছে, তার একটা ডেমো আমরা গত ১৬ মাসে দেখেছি। আমরা দেখেছি ১৭ বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হয়েছে। একটি রাজনৈতিক দল বিগত ১৭ বছর সংস্কার সংস্কার বলে আসছে। কিন্তু যখন সংষ্কারের সময় এসেছে, তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে।
এনসিপির মুখপাত্র বলেন, আমরা দেখেছি গ্রাম ও শহরের অলিগলি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত কীভাবে চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। আমরা চাঁদাবাজ সন্ত্রাসীদের যদি আর না দেখতে চাই, তাহলে আমাদেরকে এবার রাজপথে নয়, ব্যালটে বিপ্লব করতে হবে।
তিনি আরও বলেন, আমরা দেখছি পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং যারা নতুন করে ফ্যাসিবাদী শক্তি হয়ে উঠতে চায়, গণভোটে না ভোট দিতে তাদের মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদের সেই ঐক্য নস্যাৎ করে দেব।