logo

কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলির অভিযোগ

কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলির অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের সদস্য চঞ্চলের সঙ্গে থাকা উপজেলার কাচারীপাড়ার এলাকার যুবদলের সদস্য ফরিদ হোসেনের ছেলে জীবন হোসেন ও  একই এলাকার গোলাম কিবরিয়ার ছেলে ও ছাত্রদলের সদস্য কাইছার আহমেদ আহত হন। আহত অবস্থায় তিনজনকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে আহত চঞ্চল বলেন, সন্ধ্যার দিকে ইফতার শেষে বাড়ির পাশের মসজিদে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে জাসদ নেতা ছাদু, ওসামা, মাটি, নিতুলসহ চারজন তার পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই আমার ওপর গুলি চালায়। পরবর্তীতে স্থানীয়রা আমাদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে ভেড়ামারা রেলগেট এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি। তদন্ত চলছে, শেষ হলে বিস্তারিত জানাতে পারব।