logo
Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে পড়ল যাত্রীবাহী বাস

নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে পড়ল যাত্রীবাহী বাস
নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহী বাস। ছবি : এশিয়া পোস্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহী লোকাল বাস সড়কের বিভাজকে (আইল্যান্ড) উঠে গেছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফেনী সদর থানার র‍্যাব ক্যাম্পের বিপরীত অংশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি চলাকালে ফেনী র‍্যাব ক্যাম্পের বিপরীত অংশে পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের মাঝখানের আইল্যান্ডের ওপর উঠে যায়। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

প্রাথমিক পর্যায়ে ঢাকামুখী লেনের একটি অংশ দিয়ে যানবাহন চলাচল সচল রাখা হয়। পরে দুটি রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. কবির হোসেন এশিয়া পোস্টকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে মহাসড়কের উভয় লেনে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।