logo

রামেকে বিক্ষোভের পর বিস্ফোরক মামলায় কারাগারে সাবেক দুই ছাত্রলীগ নেতা

রামেকে বিক্ষোভের পর বিস্ফোরক মামলায় কারাগারে সাবেক দুই ছাত্রলীগ নেতা
গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা। ছবি : এশিয়া পোস্ট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের কক্ষে অবরুদ্ধ হওয়া রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) দুই সাবেক নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাবেক সভাপতি ডা. শুভ সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।

এর আগে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামেক হাসপাতাল পরিচালকের সঙ্গে ওই দুই নেতার বৈঠকের খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসজুড়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শিক্ষার্থী ও চিকিৎসকেরা পরিচালক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং তাদের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনকে মদদ দিচ্ছে। তারা এই ঘটনার সঠিক ব্যাখ্যা দাবি করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাতিল হওয়া ইন্টার্নশিপ বহাল করার দাবি নিয়ে তারা পরিচালকের কাছে এসেছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি সামাল দিতে সোয়াট ও সেনাবাহিনীর বিশেষ দলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরুদ্ধ অবস্থায় তাদের নিজ হেফাজতে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তোলার সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের মারধর করেন এবং ডিম নিক্ষেপ করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে ওই দুই সাবেক ছাত্রলীগ নেতা হাসপাতালে এসেছিলেন। তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও চিকিৎসকেরা পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের নিয়ে যান।

এদিকে মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আটক দুই নেতার বিরুদ্ধে আগে থেকেই চন্দ্রিমা থানায় বিস্ফোরক আইনের মামলা ছিল। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।