দুই লরির ওভারটেকিংয়ের প্রতিযোগিতায় প্রাণ গেল দুজনের

চট্টগ্রাম নগরের বন্দর থানার দুমপাড়া এলাকায় সাগরপাড় সড়কে দুই লরির ওভারটেকিংয়ের প্রতিযোগিতায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উন্নয়ন সংস্থা ‘কোস্ট ফাউন্ডেশন’-এ কর্মরত আসাদুল ইসলাম (৫০)। তার বাড়ি বরিশালে হলেও তিনি সপরিবারে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। তার সংসারে স্ত্রী, এক কলেজপড়ুয়া ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত অপর আরোহীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের প্রতিবেশী কাওসার জানান, দুটি লরি একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতা করছিল। এ সময় একটি লরি আসাদুলের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা মহাসড়কে ছিটকে পড়েন। তাৎক্ষণিক পেছনের আরেকটি লরি তাদের পিষ্ট করে চলে যায়। লরিটির চালক অনভিজ্ঞ ও কম বয়সী ছিল বলেও দাবি করেন তিনি। দুজন আরোহীই ঘটনাস্থলে প্রাণ হারান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, দুর্ঘটনার সময় তারা দুজনই একটি মোটরসাইকেলে ছিলেন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমরা লাশ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
পুলিশ ঘাতক লরি দুটিকে শনাক্ত ও চালকদের আটকে অভিযান চালাচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।




