বলেশ্বর নদীতে ট্রলারডুবি, বন বিভাগের শ্রমিক নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ, বরগুনা
বলেশ্বর নদীতে ট্রলারডুবি, বন বিভাগের শ্রমিক নিখোঁজ
বলেশ্বর নদী।

বরগুনার পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণের কাজে যাওয়ার পথে বালেশ্বর নদীতে ইঞ্জিনচালিত ট্রলার ডুবে জাহাঙ্গীর নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্লুইসসংলগ্ন বলেশ্বর নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জাহাঙ্গীর পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে।

ট্রলারের মাঝি ইব্রাহিম জানান, আটজন শ্রমিককে নিয়ে ট্রলারটি চারা রোপণের জন্য রওনা দেয়। পথে মাছের খাল এলাকায় হঠাৎ ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এতে সবাই নদীতে পড়ে যান। পাশ দিয়ে যাওয়া অন্য একটি ট্রলারের লোকজন নদীতে পড়ে যাওয়া সাতজনকে উদ্ধার করলেও জাহাঙ্গীর নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয়রা ট্রলার নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, ইউএনও ও কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে সমন্বিত অভিযান চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।