মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ১৩ জনকে উদ্ধার করল র্যাব

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদ দিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৩ নারী-পুরুষকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ ম ফারুক বুধবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেছে।
তিনি অরও জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন নারী-পুরুষকে আটকে রেখে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। পাশাপাশি তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনাও ছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িত পলাতকরা হলেন, মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) এবং মো. সাইফুল ইসলাম (২৪)। তারা টেকনাফ থানার বাসিন্দা।
র্যাব কর্মকর্তা ফারুক জানান, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।