logo

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রাজবাড়ীতে ১২ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রাজবাড়ীতে ১২ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে দণ্ডপ্রাপ্ত জেলেদের সঙ্গে প্রশাসনের ব্যক্তিরা। ছবি: এশিয়া পোস্ট

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীতে পদ্মা নদীতে ইলিশ শিকারের অভিযোগে পৃথক অভিযানে ১২ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি জব্দ করা তিনটি নৌকা নিলামে বিক্রি করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রায়হানুল ইসলাম। অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান বলেন, বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সঙ্গে জড়িত ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, মা ইলিশের প্রজনন সুরক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।