চাঁদা না পেয়ে দোকানে হামলা করে গণপিটুনি খেলেন যুবক

বাগেরহাটের কচুয়ায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে। পরে আহত অবস্থায় তাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাইনবোর্ড বাজারে ‘আমলমীগ মুসলিম সুইটস’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর বিশ্বাস বলেন, রাড়িপাড়া ইউনিয়নের রিগান মিনা ও শোভন ব্যানার্জি তার দোকানে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার বাবাকে মারধর করে এবং দোকানে ভাঙচুর চালায়। এ সময় ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর ব্যবসায়ী ও স্থানীয় লোকজন অভিযুক্তদের ধাওয়া করে রিগান মিনাকে ধরে গণপিটুনি দেন।
তিনি বলেন, এর আগের রাতেও তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদার চাপে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় তিনি কচুয়া থানায় মামলা করেছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা হয়েছে। রিগান মিনাকে গ্রেপ্তার করা হয়েছে। সে শারীরিকভাবে অসুস্থ থাকায় পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।