অটোচালকের ছদ্মবেশে ছিনতাই, স্থানীয়দের হাতে আটক বরখাস্ত পুলিশ সদস্য

বরিশালের উজিরপুর উপজেলায় অটোচালকের ছদ্মবেশে যাত্রীদের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের অভিযোগে এক বরখাস্তকৃত পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। যদিও ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেন।
শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত্যানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম বাবু। তিনি বরখাস্তকৃত পুলিশ সদস্য বলে নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। তবে বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি অটোচালকের পরিচয়ে যাত্রী পরিবহনের সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেন। পরে সন্দেহজনক আচরণের কারণে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং লুট করা স্বর্ণালংকার ও অর্থ ফেরত দেন।
এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘটনাটি বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার। এ ঘটনার বিস্তারিত জানতে আমাদের তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।