কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোটে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাসানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর স্টেশন অতিক্রম করে নাঙ্গলকোট স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি ঘটনাস্থলেই আটকে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় বগিটির দুই পাশের মোট চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম রুটের ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম থেকে সহায়তা পাঠানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। উদ্ধার অভিযান চলমান থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী কয়েকটি ট্রেনের সময়সূচিতে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।






