তরুণ প্রকৌশলীর ছাদের সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে

নিজ বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করছেন মো. আক্তারুজ্জামান (৩৬) নামের এক তরুণ প্রকৌশলী। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব ও লাভজনক এই উদ্যোগ গ্রহণ করে মাগুরায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
প্রকৌশলী আক্তারুজ্জামান মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মো. আবু তাহের মণ্ডলের ছেলে। তিনি নেট মিটারিং ব্যবস্থার আওতায় নিজ বাড়ির ছাদে অন-গ্রিড ইনভার্টার প্রযুক্তিসমৃদ্ধ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেন।
জানা গেছে, ২০২৩ সালে ঢাকার নবাবপুরের একটি নিবন্ধিত এজেন্সির মাধ্যমে বিএসটিআই অনুমোদিত ‘ওমেপা’ ও ‘জিংকো জে.এ’ ব্র্যান্ডের ৯টি সোলার প্যানেল কেনেন তিনি। ‘সালেহা অয়েল মিল’ নামে নেট মিটারিং সংযোগের আওতায় প্রকল্পটি বাস্তবায়নে তার মোট ব্যয় হয় প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা। ২০২৩ সালের ডিসেম্বর থেকে উৎপাদিত বিদ্যুতের বাড়তি অংশ তিনি মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির গ্রিডে সরবরাহ শুরু করেন।
উদ্যোক্তা আক্তারুজ্জামান জানান, বর্তমানে তার এই সোলার প্যানেল থেকে প্রতিদিন গড়ে ৪ দশমিক ৯ কিলোওয়াট (৪ হাজার ৯০০ ওয়াট) বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। পরিবারে ব্যবহারের পর মাসে অতিরিক্ত প্রায় ৭০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।
তিনি আরও জানান, পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রতি ইউনিট সাড়ে ১০ টাকা হিসেবে মাসে তার আয় হচ্ছে প্রায় ৭ হাজার ৩৫০ টাকা। প্রয়োজনীয় সরকারি সহযোগিতা পেলে এই প্রকল্পের ব্যাপ্তি আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রকৌশলী আক্তারুজ্জামান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজের অন্যরা এগিয়ে এলে জাতীয় বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় এটি বড় ভূমিকা রাখতে পারে।


