রাতে খেয়ে ঘুমাতে যান বিলাশ, সকালে মিলল আমগাছে ঝুলন্ত মরদেহ

নওগাঁর মহাদেবপুরে রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যাওয়া বিলাশ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে নিজ বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত বিলাশ উপজেলার চকউজাল এলাকার মনোমণ্ডলের ছেলে। তিনি স্থানীয় পাহাড়পুর বাজারে মোবাইল রিপেয়ারিং ও সার্ভিসিংয়ের কাজ করতেন।
পারিবারিক সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যথারীতি রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান বিলাশ। বুধবার সকালে পরিবারের লোকজন তাকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
স্থানীয়রা জানান, গত কিছুদিন যাবৎ বিলাশ অনেকটাই নীরব ও একাকী জীবনযাপন করছিলেন। তিনি লোকজনের সঙ্গে মেশা কিংবা কথাবার্তা বলা বেশ কমিয়ে দিয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ওমর ফারুক এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল সম্পন্ন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
