আওয়ামী লীগ আমলে বরাদ্দ হলেও খালের কাজ হয়নি: এমপি রুহুল আমিন

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় খাল খননের জন্য বরাদ্দ হলেও বাস্তবে কোনো কাজ করা হয়নি।
শনিবার (১৮ এপ্রিল) পিরোজপুরের মঠবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি সেচ সংকট মোকাবিলা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বহেরাতলা বাজার থেকে আলগী বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
সংসদ সদস্য রুহুল আমিন বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি মূলত কৃষিনির্ভর। পানির সমস্যার সমাধান করা গেলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় কৃষকদের সমস্যার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি, সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর বাদল সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মঠবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজ্জামান আবীর প্রমুখ।